Top News

🔴 ভোটের আগে রায়গঞ্জে রাজনৈতিক উত্তেজনা, বিজেপি কর্মী মারধর ঘিরে চাঞ্চল্য !! মারধর না কি পাল্টা হামলা?

 #নিউজ ডেস্ক || পশ্চিমবঙ্গ সংবাদ : ভোটের মুখে ফের উত্তপ্ত উত্তরবঙ্গের রাজনীতি। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের উদয়পুর এলাকায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরে ওই যুবকের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আহত বিজেপি কর্মী বর্তমানে রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসাধীন। আহত যুবকের মা রিতা সরকারের দাবি, গতকাল রাতে বাড়ির একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে উদয়পুর স্কুল মোড় এলাকায় একা পেয়ে তাঁর ছেলের ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী। অভিযোগের তির স্থানীয় তৃণমূল নেতা বাবাই নন্দী ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, বেশ কয়েকদিন

 


ধরেই তাঁদের বাড়ির সামনে রাস্তার আলো বন্ধ রাখা হচ্ছিল। পরিকল্পনা করেই এই হামলা চালানো হয়েছে বলেও দাবি তাঁদের। অভিযোগ, যুবককে বেধড়ক মারধরের পাশাপাশি তাঁর গলার সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং পোশাক ছিঁড়ে হেনস্থা করা হয়। পরিবারের আরও দাবি, বিজেপি করার কারণেই তাঁদের টার্গেট করা হয়েছে। এর আগেও তাঁদের ওপর হামলা ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা বাবাই নন্দী। তাঁর দাবি, এই ঘটনা রাজনৈতিক নয়, বরং উল্টে তাঁর এবং তাঁর পরিবারের ওপরই হামলা চালানো হয়েছে।

বাবাই নন্দীর বক্তব্য অনুযায়ী, গতকাল রাতে তিনি তাঁর স্ত্রীর সঙ্গে বাড়ি ফেরার পথে এক মদ্যপ যুবক তাঁর গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করতে গেলে ওই যুবক তাঁর এবং তাঁর স্ত্রীর ওপর হামলা চালায় বলেও অভিযোগ। এমনকি তাঁর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টার কথাও তিনি উল্লেখ করেছেন।

তৃণমূল নেতার আরও দাবি, ঘটনার পর বিজেপি কর্মীরা তাঁর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের হুমকি দেয়।

এই ঘটনাকে কেন্দ্র করে উদয়পুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।


📢 আরও আপডেট পেতে আমাদের ফলো করুন

👉 “পশ্চিমবঙ্গ সংবাদ” এর সঙ্গে থাকুন LATEST খবরের জন্য।


Post a Comment

নবীনতর পূর্বতন