পূর্ব বর্ধমান | জ্যোতির্ময় মণ্ডল | পশ্চিমবঙ্গ সংবাদ : পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মালডাঙ্গা বাজারে নুপুর ব্যালে ট্রুপের উদ্যোগে আয়োজিত হল “লাগিল দোল বলে” শীর্ষক ২২তম বার্ষিক বসন্ত উৎসব। রঙিন ও সুসজ্জিত র্যালির মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের সূচনা।
এরপর একে একে মঞ্চস্থ হয় কথক বন্দনা, জগন্নাথ বন্দনা সহ বিভিন্ন নৃত্য ও সঙ্গীত পরিবেশনা, যা দর্শকদের মন জয় করে নেয়। শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে ফুটে ওঠে বসন্ত উৎসবের তাৎপর্য।
সংস্থার কর্ণধার ইন্দিরা মণ্ডল জানান—
নাচ ও গান শুধু বিনোদন নয়, এটি একটি গুরুত্বপূর্ণ শিল্প ও শিক্ষার অঙ্গ। বর্তমানে ছাত্র-ছাত্রীরা মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ছে, তাই তাদের এই আসক্তি থেকে দূরে রাখতে সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর থানার আইসি শেখ সিহাব উদ্দিন, মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস পাত্র, বিশিষ্ট নৃত্যশিল্পী জ্যোতি প্রকাশ সামন্ত এবং তবলা বাদক মলয় চ্যাটার্জি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, নাচ-গান এমন এক শিল্প যা মানুষের জীবনকে সমৃদ্ধ করে এবং এই শিল্পের মাধ্যমেই দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চেও প্রতিষ্ঠা পাওয়া সম্ভব।
অতিথিরা ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বার্তা দেন—
নিয়মিত অনুশীলন ও অধ্যবসায়ের মাধ্যমে তারা ভবিষ্যতে সমাজ ও সংস্থার মুখ উজ্জ্বল করতে পারবে।
নুপুর ব্যালে ট্রুপের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে নানা নাচ ও গানের পরিবেশনার মধ্য দিয়ে রাত প্রায় ১০টা পর্যন্ত চলে এই বসন্ত উৎসবের অনুষ্ঠান।
নাচ, গান আর বসন্তের রঙে ভরপুর এই সাংস্কৃতিক অনুষ্ঠান যেন নতুন প্রজন্মকে আরও বেশি করে শিল্পচর্চায় উৎসাহিত করে—এমনটাই মনে করছেন আয়োজক ও উপস্থিত অতিথিরা।
📢 আরও আপডেট পেতে আমাদের ফলো করুন
👉 “পশ্চিমবঙ্গ সংবাদ” এর সঙ্গে থাকুন LATEST খবরের জন্য।
একটি মন্তব্য পোস্ট করুন